ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ মে, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। ঈদকে সামনে রেখে ধাপে ধাপে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) রোস্টার অনুযায়ী, আজ রোববার (২৪ মে) থেকে কারখানাগুলোতে ছুটি শুরু হয়।
বিজিএমইএর তথ্যানুযায়ী, ২৪ মে তারিখে ঢাকা ছাড়ছেন ১০৮টি কারখানার শ্রমিক, যা মোট কারখানার প্রায় ছয় শতাংশ।
২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা বা ৩৭ শতাংশ।
এ ছাড়া ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি ঘোষণা হবে, যা মোট কারখানার ৪৩ শতাংশ।
আর ২৭ মে ছুটি পাবে আরও ২৫১টি কারখানা, যা প্রায় ১৪ শতাংশ।
সড়কে যাতে বাড়তি চাপ না হয়, এজন্য সরকারের সঙ্গে সমন্বয় করে রোস্টার অনুযায়ী ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী।
তিনি বাংলানিউজকে জানান, এই রোস্টারের ফলে শ্রমিকরা একদিকে যেমন সড়কে কোনো চাপ ছাড়াই গ্রামের বাড়িতে যেতে পারবে এবং ঈদ উদযাপন করতে পারবে, তেমনি ঈদ শেষে আবার কর্মস্থলেও ফিরে আসতে পারবে।
তিনি বলেন, এবারও সব বেতন-বোনাস দেওয়া হচ্ছে। কিছু কারখানায় এখনো দেওয়া হয়নি, তবে আজ-কালের মধ্যে দেওয়া হবে। প্রণোদনার টাকাগুলো সময়মতো দেওয়ার ফলে তুলনামূলক দুর্বল কারখানাগুলোও বেতন-ভাতা দিতে পারছে। এজন্য সরকারকে ধন্যবাদ।
তিনি জানান, এবার অনেক কারখানা চলতি মে মাসের বেতনও দিয়েছে। এসব কারখানার শ্রমিকরা চলতি মে মাসের অগ্রিম বেতন নিয়ে ঈদ উদযাপন করবে।
জানা গেছে, বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে আগের চেয়ে যাত্রী বাড়তে শুরু করেছে। ঢাকার পাশাপাশি শিল্পাঞ্চল গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ থেকে শ্রমিকদের একাংশ ইতোমধ্যে যাত্রা শুরু করেছেন। শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা গেছে। একইসঙ্গে ছুটি শেষে সময়মতো শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে কারখানা কর্তৃপক্ষও প্রস্তুতি নিচ্ছে।