ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হোয়াইট হাউসের বাইরে গুলি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ মে, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


হোয়াইট হাউসের বাইরে গুলি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় পাল্টা গুলিতে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন।

 

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, ‘নিরাপত্তার আওতায় থাকা কোনো ব্যক্তি কিংবা কার্যক্রম এ ঘটনায় প্রভাবিত হয়নি’।

 

সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে।

“সিক্রেট সার্ভিস পুলিশ পাল্টা গুলি চালায়, এতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন,” বিবৃতিতে বলা হয়।

 

এতে আরও জানানো হয়, কোনো কর্মকর্তা আহত হননি। ঘটনার সময় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করছিলেন, তবে কোনো নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তি বা কার্যক্রম এতে প্রভাবিত হয়নি।

ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম ২১ বছর বয়সী নাসেয়ার বেস্ট।

সূত্রটি আরও জানায়, ২০২৫ সালের জুলাই মাসে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করেছিল মার্কিন সিক্রেট সার্ভিস। পরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হোয়াইট হাউসে উপস্থিত একাধিক সাংবাদিক পরপর কয়েকটি গুলির শব্দ শুনতে পান। পরে সিক্রেট সার্ভিস সদস্যরা সাংবাদিকদের দ্রুত ভবনের ভেতরে প্রেস ব্রিফিং কক্ষে নিয়ে যান এবং পুরো হোয়াইট হাউস লকডাউন করা হয়।

সিবিএস নিউজকে বিভিন্ন সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ১৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।

ধারণা করা হচ্ছে, একজন বন্দুকধারী সিক্রেট সার্ভিস এজেন্টদের দিকে এগিয়ে এসে গুলি চালানোর চেষ্টা করে। এরপর এজেন্টরা পাল্টা গুলি চালান।

পরে মার্কিন গণমাধ্যম জানায়, এ ঘটনায় দুইজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের একজন ছিলেন সন্দেহভাজন হামলাকারী, যার অবস্থা আশঙ্কাজনক ছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হোয়াইট হাউসের লকডাউন তুলে নেওয়া হয়।


   আরও সংবাদ