ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ জুন, ২০২৬ ০৯:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
রাজধানীর মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ছিলেন।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগনে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন তাকে প্রথমে মারধর করে। পরে তিনি বিষয়টি জানিয়ে তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে নিয়ে আসেন।
এরপর রাত ৮টার দিকে সেখানে ঘটনার বিষয়ে সালিশি বৈঠক চলছিল।
তিনি আরও দাবি করেন, ওই সময় যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং রমনা থানার সাধারণ সম্পাদক লুৎফরের সঙ্গে বিল্লালের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, তিনি হাতিরঝিল বাগানবাড়ি এলাকায় বসবাস করতেন। মালিবাগে তার সিমেন্টের ব্যবসা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রমনা থানাকে অবহিত করা হয়েছে।