স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অগাস্ট, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
বাংলাদেশে ফুটবল ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল রোববার (২৩ আগস্ট) দুপুরে পল্টনের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। এরপর তারা ঘুরে দেখে বসুন্ধরা কিংস অ্যারেনার সুবিশাল স্পোর্টস সিটি, আন্তর্জাতিক মানের ট্রেনিং গ্রাউন্ড, গোল্ডস জিম এবং রিকভারি সেন্টার।
বসুন্ধরা কিংস অ্যারেনার অবকাঠামোগত সুবিধা দেখে প্রতিনিধি দল তাদের উচ্ছ্বাস ও সন্তুষ্টির কথা প্রকাশ করেছে।
সিবিএফ প্রতিনিধি দলের পর্যবেক্ষণ সম্পর্কে বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার শিহাব রহমান বলেন, ওরা আমাদের সুযোগ-সুবিধা দেখার পরে অনেক মুগ্ধ ছিল।
ওরা আসলে আশা করেনি যে এখানে এত সুন্দর একটা কমপ্লেক্স থাকতে পারে। সবকিছু মিলিয়ে ওরা সন্তুষ্ট।
বসুন্ধরায় ম্যাচ আয়োজনের জন্য মাঠের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে কিছু নির্দিষ্ট চাওয়ার কথা জানিয়েছে ব্রাজিলিয়ান প্রতিনিধি দলটি।
কবে নাগাদ হতে পারে এই কাঙ্ক্ষিত ম্যাচ এমন প্রশ্নের জবাবে শিহাব রহমান সম্ভাব্য ফিফা উইন্ডোর কথা উল্লেখ করে বলেন, হয় সামনের উইন্ডো কিংবা তার পরের উইন্ডোয় হতে পারে।
আগামী দুই উইন্ডোর মধ্যে ওদের একটা আগ্রহ আছে মনে হল।