ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২৬ ১৪:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মো. মোস্তাকুর রহমানের পক্ষ থেকে ব্যাংকটির চেয়ারম্যান ও এমডিকে এ সম্পর্কিত নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করতে গেলে তাদেরকে এ নির্দেশনা দেন গভর্নর।
নির্দেশনায় বলা হয়, গত ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
অধিকন্তু, আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) থেকে ব্যক্তি আমানতকারীরা যাতে তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে প্রদত্ত নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পায় ব্যাংক সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।
সাক্ষাৎকালে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আরো বেশ কিছু নির্দেশনা দেন।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে- জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল আমানতকারীকে তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে স্পষ্টভাবে অবহিত করা।
এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকটিকে স্বাভাবিক সকল ব্যাংকিং কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন গভর্নর।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো: আনিছুর রহমান উপস্থিত ছিলেন।