ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২৬ ১৪:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) এবং ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে দক্ষিণখান থানা পুলিশ।

 

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই শাহিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে তাদের কাছ থেকে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম এ থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গ্রেপ্তারের বিষয়টি আমরাও শুনেছি।


   আরও সংবাদ