ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার পুরাতন বন্দর এলাকার উজ্জ্বল দাসের ছেলে অনন্ত দাস (২৯), কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮), রংপুর সদরের কোতোয়ালি থানার গণেশপুর এলাকার হাফিজারের ছেলে লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকার সোলাইমান আলীর ছেলে রোস্তম আলী (৬৩), ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর এলাকার আফসার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭) ও আলমগীরসহ (২১) অন্তত ১০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির টিএফ পরিবহনের (রংপুর মেট্রো-ব ১১-০০১৭) যাত্রীবাহী একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল।
বাসটি চাপড়িগঞ্জ এলাকায় এসআর গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১১-৫৬০১) পেছনে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।