স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২৬ ১৪:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে উজবেকিস্তান রওনা হওয়ার ঠিক আগের দিনই বরখাস্ত করা হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বিতর্কিত ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে। বাফুফের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দলের সফর ঘিরে নানা নাটকিয়তার পর অবশেষে জোন্সের অধ্যায়ের ইতি টানল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামীকাল বুধবার (২৬ আগস্ট) উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের।
গুরুত্বপূর্ণ এই সফরের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রধান কোচকে সরিয়ে দেওয়া হলো। জানা গেছে, তার অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
টেকনিক্যাল পদে বা কোচিং স্টাফে সামনে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
গত জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পেয়েছিলেন উয়েফা 'এ' লাইসেন্সধারী এই ইংলিশ কোচ।
তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠের ফুটবল অপেক্ষা একের পর এক বিতর্কের জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
যশোরের ক্যাম্প চলাকালে বকেয়া বেতন ও নিরাপত্তার অভাব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রথম বাফুফেকে অস্বস্তিতে ফেলেন জোন্স। এরপর ঢাকায় টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকেন তিনি।
সর্বশেষ গতকাল ফেসবুক লাইভে এসে বিস্ফোরক সব দাবি করেন এই ব্রিটিশ কোচ। সেখানে কর্মক্ষেত্রে শারীরিক আক্রমণের শিকার হওয়া এবং মারাত্মক নিরাপত্তার অভাবের কথা জানান তিনি। এসব টানা অপ্রীতিকর ঘটনার জেরেই বাফুফেকে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিতে হলো।
আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে মূল কোচকে বরখাস্ত করার এই সিদ্ধান্ত মাঠের খেলায় লাল-সবুজের তরুণদের ওপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।