ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২৬ ১৪:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


বঙ্গোপসাগরে ট্রলারডুবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার একদিন পর চার জেলের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে এক জেলে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে পাঁচজনের মধ্যে চারজনের লাশ পাওয়ার খবর নিশ্চিত করেছেন কাওসার নামে এক জেলের চাচি সাথী বেগম।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

কয়েক ঘণ্টা পর আট জেলে ভাসমান অবস্থায় উদ্ধার হলেও ট্রলারসহ নিখোঁজ হয় পাঁচ জেলে।

 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ ১৩ জন জেলেকে নিয়ে শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়।

সোমবার দুপুরে সাগরে আবহাওয়া খারাপ হয়ে ঢেউ বেড়ে গেলে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। পরে দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর আট জেলেকে অপর একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে।

 

তিনি আরও জানান, নিখোঁজ পাঁচ জেলে ট্রলারের ব্রিজের মধ্যে ঘুমানো থাকায় তারা লাফিয়ে পড়তে পারেনি। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে মো. বেলাল, মো. নুর আলম, কাওছার ও মো. ইব্রাহিমের নাম জানা গেছে। সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি চারজনের লাশ পাওয়া গেছে।

কাওছারের চাচি সাথী বেগম জানান, তারা খবর পেয়েছে চারজনের লাশ পাওয়া গেছে, একজনকে পাওয়া যায়নি। যারা উদ্ধার করতে গিয়েছে তারা চার জেলের লাশ নিয়ে রওনা হয়েছেন বলেও নিশ্চিত করেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ (ওসি) আবদুল আলীম মোবাইল ফোনে বলেন, আমরাও শুনেছি চারজনের লাশ পাওয়া গেছে। নিশ্চিত হতে পুলিশ পাঠিয়েছি খোঁজখবর নিতে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


   আরও সংবাদ