ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ জুন, ২০২৬ ১৫:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩০ বার


সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) সকালে ঘাঁটিটিতে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সতর্কতা জারির কিছুক্ষণ পরই আল-খারজ বিমানঘাঁটির আশপাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। তবে কিছু সময় পর সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, আল-খারজ অঞ্চলে সৃষ্ট ‘বিপদ কেটে গেছে’ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

তবে কী ধরনের হুমকি বা ঝুঁকির কারণে সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

এদিকে আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলের একটি অংশের সন্দেহের তীর ইরানের দিকে যায়। তবে তেহরান দ্রুতই এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সৌদি আরবের কোনো স্থাপনায় তারা হামলা চালায়নি। দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে এক সামরিক কর্মকর্তা বলেন, আল-খারজ বিমানঘাঁটিতে ইরানের কোনো ধরনের হামলার সঙ্গে সম্পৃক্ততা নেই।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। পরিস্থিতির ওপর সৌদি কর্তৃপক্ষ নিবিড় নজর রাখছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই


   আরও সংবাদ