ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন, ২০২৬ ১৪:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা এবং দুই কন্যাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ের অবস্থা আশঙ্কাজনক।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, তিন জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে মা শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ইকরা (১৭) ও সিফাকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ে ছায়মা (২১)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামে। নিহত শাহীনুরের স্বামীর নাম কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া থাকতো। প্লাস্টিক পণ্য হকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে তারা।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জহির হোসেন নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকেও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত এবং অভিযুক্ত জহিরের বাড়ি একই এলাকায়।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) রাশেদুল বলেন, তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একজন গুরুতর আহত। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকেও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।