ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বুরকিনা ফাসো

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ জুন, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বুরকিনা ফাসো

বুরকিনা ফাসোতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ দেশটির প্রেসিডেন্ট ও রাষ্ট্রপ্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

শুক্রবার  (২৬ জুন) বুরকিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের কাছে পরিচয়পত্র পেশ করেন।

 

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত হাবিব উল্লাহ প্রেসিডেন্ট ত্রাওরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

 

বৈঠকে প্রেসিডেন্ট ত্রাওরে বলেন, বুরকিনা ফাসো ও বাংলাদেশের সম্পর্ক এখনো বিকাশমান পর্যায়ে রয়েছে। তবে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তার সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

 

রাষ্ট্রদূত হাবিব উল্লাহ বাংলাদেশের পক্ষ থেকে বুরকিনা ফাসোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথা তুলে ধরেন। তিনি নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে তুলা, ওষুধ, তৈরি পোশাক এবং চামড়াজাত পণ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া কৃষি খাতে কারিগরি সহায়তা, গবেষণা, সেচব্যবস্থা, ফসল-পরবর্তী ব্যবস্থাপনা এবং বিনিয়োগ উদ্যোগের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। একইসঙ্গে অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

উভয় পক্ষের মধ্যে আলোচনা অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়।


   আরও সংবাদ