স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। 'এইচ' গ্রুপের ম্যাচে স্পেনের কাছে উরুগুয়ে হেরে যাওয়ার পরপরই থ্রি লায়ন্সদের শেষ ৩২-এর টিকিট গাণিতিকভাবে নিশ্চিত হয়ে যায়।
টানা দুই ম্যাচ শেষে টমাস টুখেলের শিষ্যদের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। চলমান বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাবে।
ইংল্যান্ডের গ্রুপসহ আরও চারটি গ্রুপের খেলা শেষ হওয়া বাকি থাকলেও, ৪ পয়েন্ট থাকায় অন্তত অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে ইংলিশদের পরের রাউন্ডে যাওয়া এখন সম্পূর্ণ নিশ্চিত। ইংল্যান্ডের মতোই বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা এবং প্যারাগুয়ে।
এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল ইংল্যান্ড। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে কিছুটা পয়েন্ট হারায় তারা।
নকআউট নিশ্চিতের স্বস্তির মাঝেই ইনজুরি অস্বস্তি বাড়াচ্ছে ইংলিশ শিবিরে। চোটের কারণে পানামার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী রাইট-ব্যাক রিস জেমস। ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েন তিনি।
অন্যদিকে, মিডফিল্ড তারকা ডেক্লান রাইসকে নিয়েও রয়েছে শঙ্কা। ঘানার বিপক্ষে ম্যাচ শেষে বাঁ পায়ের কাফে স্ট্র্যাপিং বেঁধে বোস্টন স্টেডিয়াম ছাড়তে দেখা গিয়েছিল তাকে। এরপর কানসাস সিটিতে দলের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন রাইস। ফলে পানামার বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি।