ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
নবী মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি বা গালাগালকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন।
আবু সায়েদ মোহাম্মদ হানজালা বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছে তারা আমাদের শেষ নবীকে অস্বীকার করে। তারা আবার মুসলমান হিসেবে পরিচয় দেয়।
প্রধানমন্ত্রীকে বলব আপনি বাংলাদেশে ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায় যে যারা নবীকে অস্বীকার করে তারা কোনদিন মুসলমান থাকতে পারে না।
আইনের মাধ্যমে এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা করতে হবে।
তিনি বলেন, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি।
আমরা বারবার দেখছি কিছুদিন পর পর তারা যেন কিভাবে এসে নবীর বিরুদ্ধে কটুক্তি করে। নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাংলাদেশে অবশ্যই মুসলমানদের সংখ্যা অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটুক্তি করে তার কলিজা ছিড়ে যায়। সে রাজপথে নেমে যায়। আমি বলব যারা নবীকে কটুক্তি করে নবীকে গালিগালাজ করে এদের মৃত্যুদণ্ড যেন হয়। এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাস করা হয়।
শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে হানজালা বলেন, এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলব, ইনসাফের পক্ষে কথা বলব। তখন অনেকে হাত ধরে বলেছিল, হানজালা ভাই, জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন, হাদি হত্যার বিচারটা যেন হয়।