ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সংসদে ফাইল ছোড়া বা অসভ্য আচরণ করবে না জামায়াত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


সংসদে ফাইল ছোড়া বা অসভ্য আচরণ করবে না জামায়াত

ঢাকা: সংসদে ফাইল ছোড়াছুড়ি বা স্পিকারের মাইক ভাঙার মতো কোনো অসভ্য আচরণ করবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির নির্বাচিত সংসদ সদস্যরা সরকার থেকে দেওয়া নামমাত্র মূল্যের প্লট কিংবা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘জামায়াত বিট’-এর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না।

চেয়ার তুলে স্পিকারের দিকে তেড়ে যাওয়ার মতো আনসিভিলাইজড (অসভ্য) কাজ আমরা করব না। আমরা গণতান্ত্রিক, আইনসম্মত ও গঠনমূলক ভূমিকা পালন করব।

 

সুযোগ-সুবিধা না নেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, আমরা নির্বাচিত হলে নামমাত্র মূল্যে সরকারি প্লট বা ট্যাক্স-ফ্রি গাড়ি-কোনোটিই নেব না। আমরা জনগণের সেবা করতে সংসদে গিয়েছি, আখের গোছাতে নয়।

 

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর সরকারি উদ্যোগের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের মানুষ যখন কষ্টে আছে, তখন নিজেদের সুযোগ-সুবিধা বাড়ানো অন্যায়। সংসদে এমন কোনো প্রস্তাব আনা হলে আমরা তার তীব্র বিরোধিতা করব।

তৈরি পোশাক (আরএমজি) খাতের বর্তমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক করেন, প্রোডাকশন ক্যাপাসিটি কমে যাওয়ায় বায়াররা অর্ডার প্রত্যাহার করছেন। এভাবে চলতে থাকলে ৫০ শতাংশ কারখানা বন্ধ হয়ে প্রায় এক থেকে দেড় কোটি মানুষ কাজ হারানোর চরম ঝুঁকিতে পড়বে, যা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে পারে।

পাশাপাশি জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে ডা. শফিক বলেন, এই সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে এবং বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়িয়ে দেবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের কোনো অদৃশ্য চাপের কাছে মাথা নত না করে সাহসের সঙ্গে সত্য তুলে ধরার আহ্বান জানান। 

তিনি দলীয় কর্মসূচি প্রসঙ্গে নিশ্চিত করেন, জামায়াতের কর্মসূচি সব সময় শান্তিপূর্ণ থাকবে; কোনো বাসে আগুন দেওয়া বা জনজীবন অস্থিতিশীল করার রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


   আরও সংবাদ