ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬ ০৯:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অন্যান্য অনিয়মের দায়ে দেশের ১৬ জেলায় ৩৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (০৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিশেষ তদারকি অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অধিদপ্তরের ২৩টি দল ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।

 

অধিদপ্তর জানিয়েছে, বাজারে গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় বন্ধ করতেই এ অভিযান চালানো হয়েছে।

 

অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে তা সরবরাহ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখেন অধিদপ্তরের কর্মকর্তারা।

 

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। বিক্রয়কেন্দ্রে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

 

এদিকে গ্যাস সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ এবং সিলিন্ডারের গায়ে দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেনার সময় মূল্যতালিকা যাচাইয়ের পাশাপাশি অবশ্যই রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে অতিরিক্ত দাম আদায়সহ কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।

অধিদপ্তর বলেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ দিতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


   আরও সংবাদ