ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬ ১৭:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
বেআইনিভাবে বাংলাদেশে ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থেকে ২৫ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের বাংলাদেশে পার করে দেওয়ার অভিযোগে বাবলু রায় নামে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে।
জানা গেছে, আটক বাংলাদেশিরা দীর্ঘদিন আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা কাশ্মীরে চলে যান।
সেখানে দীর্ঘদিন অবস্থানের পর সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি এলাকায় জড়ো হন তারা।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক বাংলাদেশিরা ঠাকুরগাঁওয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
তাদের বাংলাদেশে পার করে দেওয়ার অভিযোগে বাবলু রায়কেও আটক করেছে বিএসএফ।
বুধবার (৭ অক্টোবর) বিএসএফ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পঞ্চনগর এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি বিএসএফ ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ও স্থানীয় বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২৫ জনকে হেফাজতে নেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
কীভাবে তারা ভারতে প্রবেশ করেছিলেন, কেন কাশ্মীরে গিয়েছিলেন এবং কীভাবে দক্ষিণ দিনাজপুরে এসে পৌঁছান—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কুশমণ্ডি থানার পুলিশ ও বিএসএফ।
আটক ২৫ বাংলাদেশিকে পরবর্তী সময়ে কোথায় রাখা হবে কিংবা তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে বিএসএফ ও পুলিশের তদন্ত চলছে।