ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের সামরিক সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের সামরিক সমীকরণ

ভারতের উত্থান ও শিল্প সক্ষমতা বাড়ানোর পথে বাধা সৃষ্টি করতে চীন বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিশন। তাদের দাবি, ভারতের শিল্প খাতের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহে বিধিনিষেধ আরোপ, সীমান্তে সামরিক চাপ বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে নয়াদিল্লিকে চাপে রাখছে বেইজিং।

 

যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক পর্যালোচনা কমিশনের (ইউএসসিসি) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। ‘চীনের আরেকটি রণক্ষেত্র: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক মিত্রজোটের বাইরে ভারত এমন কয়েকটি দেশের একটি, যাদের চীনের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে পারে। একই সঙ্গে চীনের সরবরাহব্যবস্থা ও উৎপাদন খাতের বিকল্প হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশটি।

 

কমিশনের মূল্যায়ন, ভারতের এই সম্ভাবনা সম্পর্কে সচেতন বেইজিং বিভিন্ন ক্ষেত্রে দেশটির অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে চাপে রাখার ক্ষেত্রে চীনের অন্যতম কার্যকর হাতিয়ার অর্থনৈতিক চাপ।

গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে ভারতের প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করছে বেইজিং। এ ছাড়া ভারতের শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি উপকরণ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে চীন।

 

পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে চীন

পাকিস্তানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়েও উদ্বেগ জানিয়েছে মার্কিন কমিশন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত এবং ভারতের অপারেশন সিঁদুরের প্রসঙ্গ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পাকিস্তানকে দীর্ঘদিনের সমর্থন ভারতের জন্য দুই দিক থেকে একযোগে সামরিক হুমকির আশঙ্কা বাড়িয়েছে। ২০২৫ সালের মে মাসের সংঘাত দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে চীন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করেছে, অপারেশন সিঁদুর চলাকালে তারা পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল।

এর আগে গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরে পাকিস্তান-সমর্থিত সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। ওই ঘটনার পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। এর জেরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে।

সূত্র: এনডিটিভি


   আরও সংবাদ