ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৯ বার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই উন্নয়ন হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সারাদেশের মানুষ জানে, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আপনারা ১২ তারিখে ভোট দিয়ে প্রমাণ করে দেখাবেন, বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি বিএনপির শক্ত ঘাঁটি।
তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান। বহু বছর পর মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে জুমার নামাজের আগেই মোকামতলা ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে।
বন্দর এলাকাসহ মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন। এ সময় তারেক রহমান গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।
এর আগে বগুড়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে তিনি মহাস্থানগড়ে আরেকটি পথসভায় অংশ নেন এবং হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মহাস্থানগড় থেকে শিবগঞ্জের রহবল সীমান্তপথ পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে মীর শাহে আলমের সমর্থক ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।