ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮২ বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দিন সরকারের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে মজলুম দল। এই দলের এক থেকে ১১ জন শীর্ষ নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে।
বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। গত ১৩ বছর আমাদের দলীয় কার্যালয়গুলো খুলতে দেওয়া হয়নি। এমন নির্যাতন আর কোনো দলের ওপর করা হয়নি। এর কারণ একটাই, এই দল দেশকে ভালোবাসে।
তারা চায় দুর্নীতিমুক্ত একটি আধুনিক সমাজব্যবস্থা। আর এ কারণেই সব জালিম সরকার জামায়াতে ইসলামীর ওপর জুলুম চালিয়েছে।
তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছিলাম ক্ষমতায় এলেও প্রতিশোধ নেব না। কোনো জুলুম করব না, কারও ঘরবাড়ি দখল করব না, মামলা-বাণিজ্য করব না।
গত ১৭ মাসে আমরা সেটি প্রমাণ করেছি। আমরা কর্মীদের বলেছি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। সেটিও আমরা পেরেছি। কারও সম্পত্তি বা ঘরবাড়ি দখল করিনি, ভবিষ্যতেও করব না, ইনশাআল্লাহ। আমরা কারও প্রতি প্রতিশোধ নিইনি।
জামায়াত আমির বলেন, প্রত্যেক মানুষের আত্মসম্মান রয়েছে। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সহযোগিতার হাত বাড়িয়েছি। তাদের আমাদের পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছি। এটি আমরা কোথাও প্রচার করিনি, করতেও চাই না।
তিনি বলেন, গত সতেরো বছর আমরা পালিয়ে যাইনি। হামলা-মামলার ভয়ে দেশের জনগণকে ছেড়ে যাইনি।
যারা মায়েদের গা থেকে কাপড় খুলে নিতে চায়, তাদের কুলাঙ্গার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা প্রশ্ন করে কেউ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে কি না; তাদের বলব, আগে নিজের মাকে সম্মান করুন, বোন ও স্ত্রীকে সম্মান করুন।
তিনি প্রশ্ন করেন, আপনারা কোন বাংলাদেশ গড়তে চান? যে দেশে আমার মায়ের ইজ্জত থাকবে না, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না।