ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
মোবাইল ফোনের ইন্টারনেটের অব্যবহৃত ডেটা নির্দিষ্ট সময়ের পর ব্যবহারের সুযোগ নেই বলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।
তারা বলছে, অব্যবহৃত ডেটা ব্যবহার করতে চাইলে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনতে হবে।
এছাড়া অব্যবহৃত ডেটা ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই।
সোমবার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় 'মেয়াদ শেষে মোবাইল ফোনের ডেটা কেন ফেরত দেওয়া হচ্ছে না'—এমন প্রশ্নের জবাবে এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার চৌধুরী একথা বলেন।
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ‘আপনারা বিভিন্ন মেয়াদের বিভিন্ন প্যাকেজ অফার করেন। অনেক সময় এসব প্যাকেজের পুরো ডেটা ব্যবহার হয় না।
মেয়াদ শেষে দেখা যাচ্ছে অধিকাংশ ডেটা অব্যবহৃত থেকে যাচ্ছে, যা আপনারা বাতিল করে দিচ্ছেন। বিষয়টি সাধারণ গ্রাহকের জন্য অত্যন্ত বিব্রতকর।
গ্রাহক ডেটার জন্য অর্থ দিচ্ছে কিন্তু তা ব্যবহার করতে পারছে না। এই বিষয়টি আপনারা কীভাবে সমাধান করবেন, তা আমাদের জানান।’
এমন প্রশ্নের জবাবে এমটবের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা যখন প্যাকেজের সময় ও পরিমাণ নির্ধারণ করে দিই (যেমন: ৭ দিন ও ১ জিবি), গ্রাহক তখন সতর্কতার সঙ্গেই প্যাকেজটি কেনেন। কোনো কারণে যদি তিনি নির্দিষ্ট সময়ে ডেটা খরচ করতে না পারেন, তবে মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনলে সেটি 'ক্যারি ফরওয়ার্ড' বা যোগ হয়। এর বাইরে অন্য প্যাকেজে বা নির্দিষ্ট সময়ের পর অব্যবহৃত ডেটা ফেরত দেওয়া সম্ভব নয়।’
তারা আরও জানায়, ‘বাংলাদেশে প্রচলিত ডেটা দুই ধরনের— একটি আইএসপি প্রদত্ত ফিক্সড ব্রডব্যান্ড এবং অন্যটি মোবাইল ইন্টারনেট। মোবাইল ইন্টারনেটের ডেটা আমরা প্যাকেজ ভিত্তিক দিয়ে থাকি। এটি কতটুকু ভলিউম (যেমন: ২জিবি, ৪জিবি) এবং কতদিন মেয়াদ (ভ্যালিডিটি), তার ওপর নির্ভর করে।’
আলোচনায় এমটব আরও কিছু প্রস্তাব পেশ করে। এর মধ্যে রয়েছে ভোক্তার ওপর কর হ্রাস। এমটব জানায়, বর্তমান সরকার ডিজিটাল সংযোগকে গুরুত্ব দিলেও টেলিকম সেবায় অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। বিশেষ করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) ও ১ শতাংশ সারচার্জ ভোক্তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। এমটব এই শুল্ক ও সারচার্জ তুলে দেওয়ার প্রস্তাব দেয়।
সিম ও ই-সিমে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করে সংগঠনটি। তারা জানায়, সিম ও ই-সিম সরবরাহ ও প্রতিস্থাপনের ওপর বর্তমানে ৩০০ টাকা ভ্যাট রয়েছে, যা নিম্ন আয়ের মানুষের ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বাধা। এমটব এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়।
করপোরেট কর হ্রাসের দাবি জানিয়ে সংগঠনটি বলছে, বাংলাদেশে তালিকাভুক্ত মোবাইল অপারেটরের জন্য করপোরেট করের হার ৪০ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানির জন্য ৪৫ শতাংশ, যা অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি। এমটব এই করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ করে।
ওটিটি প্ল্যাটফর্ম সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি, যাতে এর ব্যবহার আরও বৃদ্ধি পায়।