ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬ ১৮:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার
প্রায় ৬ বছর পর রাজধানীর হাতিরঝিল থানার বহুল আলোচিত তামিম হত্যা মামলার পলাতক আসামি মো. রায়হান শুভ (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
২০২০ সালের ১৫ ডিসেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনের ফুটপাতে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম তামিমের উপর সশস্ত্র হামলা চালানো হয়।
এ সময় আসামি মো. সাব্বির ও মো. শাওনসহ অন্যান্য সহযোগীদের সঙ্গে আসামি রায়হান শুভ ভিকটিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। ভিকটিমকে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় তারা, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা করা হয়। পূর্বে গ্রেপ্তার হওয়া ২ জন আসামিদের দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রায়হান শুভ’র প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
প্রাথমিকভাবে রায়হান শুভ হত্যার কথা স্বীকার করেছেন।