ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ মে, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
বরিশালের বাকেরগঞ্জ থানা কম্পাউন্ডে ঢুকে সাইবার আইনের মামলায় গ্রেপ্তার এক আসামিকে মারধর, ডিম নিক্ষেপ ও গালাগাল করার অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৬ মে) রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই আসামি হলেন- বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর ছেলে লায়ন নিলয় পারভেজ।
বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধার করা সাইবার আইনের মামলার আসামি তিনি। বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট দেওয়ায় ওই মামলা করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে করা মামলার আসামি হিসেবে লায়ন নিলয় পারভেজকে শনিবার দুপুরে ঢাকায় গ্রেপ্তার করা হয়। রাত আটটার দিকে তাকে নিয়ে থানায় আসা হয়।
এ সময়ে কিছু বিক্ষুব্ধ লোক আসামিকে লাঞ্ছিত ও হামলার চেষ্টা করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসামিকে হেফাজতে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা একটি মাইক্রোবাস থানায় প্রবেশ করছিল। থানা কম্পাউন্ডের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কতিপয় লোক স্লোগান দিয়ে প্রবেশ করে। পুলিশ মাইক্রোবাসের দরজা খুলে বের করার সঙ্গে সঙ্গে লোকজন আসামিকে কিল, ঘুসি ও লাথি দিচ্ছে। পুলিশ আসামিকে নিয়ে দৌড়ে থানা ভবনের মধ্যে প্রবেশ করে সামনের কেচিগেট আটকে দিয়েছে।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, থানা হাজতে থাকা ওই আসামিকে উদ্দেশ্য করে কয়েকজন গালাগালি করছে। এই দৃশ্য ভিডিও করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, আসামিকে থানায় নিয়ে আসার খবর পেয়ে ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা জড়ো হয়। তারা আসামিকে মারধর করাসহ ডিম নিক্ষেপ করেছে। তারা থানার মধ্যে হাজতখানার সামনে গিয়েও গালাগালি করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান বলেন, ওই আসামি নানাভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত সাধারণ মানুষ এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। এখানে যুব ও ছাত্রদলের কোনো নেতাকর্মী ছিল না।