ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধীরাশ্রম কন্টেইনার ডিপো পিপিপির আওতায় পরিচালিত হবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


ধীরাশ্রম কন্টেইনার ডিপো পিপিপির আওতায় পরিচালিত হবে

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে নতুন ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহার করে ‘ধীরাশ্রম আইসিডির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক একটি প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়নে নীতিগত অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীপরিষদ কমিটিতে উপস্থাপন হবে।
 
জানা গেছে, বাংলাদেশের একমাত্র রেলভিত্তিক আইসিডি ১৯৮৭ সালে কমলাপুরে নির্মিত হয় এবং বর্তমানে এর বাৎসরিক ধারণক্ষমতা বা পরিচালন সক্ষমতা প্রায় ৯০ হাজার টিইইউ।

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার প্রায় ১২.১৯ শতাংশ। চট্টগ্রাম বন্দরের ৭০ শতাংশ কন্টেইনার ঢাকা অভিমুখে পরিবহন করা হয়।

তারমধ্যে মাত্র ২ শতাংশ কন্টেইনার রেলপথে পরিবহন করা সম্ভব হয়। যা পর্যায়ক্রমে ৩০ শতাংশে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে সরকারের।

 

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম সেকশনের রেলপথ ২০২৩ সালে সম্পূর্ণরূপে ডাবল-লাইনে উন্নীত হওয়ার ফলে কন্টেইনার পরিবহনে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কমলাপুর আইসিডির ধারণক্ষমতা বাংলাদেশ রেলওয়ের ক্রমবর্ধমান কন্টেইনার পরিবহন সক্ষমতা ও শেয়ার বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

কমলাপুর আইসিডি টার্মিনালের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ায় আইসিডি টার্মিনালের ধারণক্ষমতা বাড়ানোর কোনো সুযোগ নেই। ভবিষ্যত পরিকল্পনায় কমলাপুর স্টেশন এলাকায় ‘মাল্টিমোডাল হাব’ নির্মাণের পরিকল্পনা থাকায় কমলাপুর আইসিডি অধিকতর উপযোগী স্থানে স্থানান্তর প্রয়োজন। সক্ষমতার সীমাবদ্ধতা ছাড়াও কমলাপুর আইসিডি ঢাকা মহানগরী এলাকায় অবস্থিত হওয়ায় বাণিজ্যিক যানবাহন (ট্রাক, কন্টেইনার লরি, পিক-আপ ইত্যাদি) দিনের বেলায় চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আইসিডি পরিচালনায় গতি বাড়ানো যাচ্ছে না। 

এ কারণে, কন্টেইনার হ্যান্ডলিং এবং পরিবহনে অবিচ্ছিন্ন অ্যাকসেস সম্বলিত আরেকটি পূর্ণাঙ্গ আইসিডি নির্মাণ করা বর্তমান প্রেক্ষাপটে অনস্বীকার্য হয়ে পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অদূর ভবিষ্যতে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত বে-টারমিনাল ও পরিকল্পিত সংযোগ রেলপথ নির্মিত হলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে রেলপথ এবং হ্যান্ডলিং ও ব্যবস্থাপনায় আইসিডির গুরুত্ব অনেক গুন বৃদ্ধি পাবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গাজীপুর জেলায় ঢাকা বাই-পাস সড়ক সংলগ্ন ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে একটি নতুন আইসিডি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাকসহ অন্যান্য উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পগুলি ঢাকার উত্তরে স্থানান্তরিত হচ্ছে। সেক্ষেত্রে মিরপুর, তেজগাঁও, ডেমরায় অবস্থিত কলকারখানা এবং ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কারখানা, ঢাকা ইপিজেড, সাভার, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ইত্যাদি এলাকায় অবস্থিত কলকারখানার উৎপাদিত পণ্য পরিবহন ও কাঁচামাল সরবরাহে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে পরিকল্পিত 'ধীরাশ্রম আইসিডি' নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আইসিডি নির্মাণের মাধ্যমে ঢাকা শহরের যানজট এড়িয়ে নিকটবর্তী শিল্প এলাকাগুলোয় কন্টেইনার সার্ভিস নিশ্চিতকরণ সম্ভব হবে। পাশাপাশি ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অদূর ভবিষ্যতে কন্টেইনার ও মালবাহী ট্রেনের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যের পথ সুগম হবে। 


   আরও সংবাদ