ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ মে, ২০২৬ ২০:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি দীর্ঘদিন রাজনৈতিক ও আইন অঙ্গনে সক্রিয় ছিলেন।
ছাত্রনেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে নেতৃত্ব দেন ইউসুফ হোসেন হুমায়ুন।
তিনি ১৯৫৪ সালে ঢাকা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ইউসুফ হোসেন হুমায়ুন ১৯৬৬ সালে আইনজীবী হিসেবে এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য তালিকাভুক্ত হন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।