ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ জুন, ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
দিনভর বিক্ষোভের পর রাতে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই পর্ষদ সভায় পর্ষদের সব সদস্য অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বাংলানিউজকে বলেন, পর্ষদ সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানের পদত্যাগের আবেদন গৃহীত হয়েছে। নতুন এমডি নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ আলতাব হুসাইন।
প্রসঙ্গত গত ২৪ মে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমানের চাপে পদত্যাগপত্র জমা দেন এমডি ওমর ফারুক খান। এ ঘটনার প্রতিবাদে ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন এবং তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।
একপর্যায়ে চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেন এবং ওইদিন রাতে মো. খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এর পরপরই ঈদের ছুটি শুরু হওয়ায় সোমবার (১ জুন) খুরশিদ আলমের যোগদানের কথা ছিল।
তবে আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ পাওয়া খুরশিদ আলমের আর্থিক অনিয়ম ও আওয়ামী ঘনিষ্ঠতার বিষয়টিকে সামনে এনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নামের একটি ব্যানার থেকে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না এমন একটি কর্মসূচি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী সোমবার সকালে ইসলামী ব্যাংকের সামনে জড়ো হলে গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীদের ওপর জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।