ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ জুন, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় বাবা-মায়ের মৃত্যুর পর গুরুতর আহত মেয়ে তামান্না খাতুনের (১৬) মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তামান্নার মৃত্যু হয়।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫), তাদের মেয়ে কলেজছাত্রী তামান্না খাতুন (১৬) এবং জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোরিকশাচালক মো. নুরু (৪৫)।
এর আগে এদিন সকাল ৭টা ৫ মিনিটে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার এক্সেল ভেঙে সেটি বিকল হয়ে পড়ে।
এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস বিকল অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক নুরু।
গুরুতর আহতাবস্থায় একই পরিবারের তিন যাত্রীকে (বাবা-মা-মেয়ে) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মোতালেব সরকার ও ফজিলা খাতুনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তামান্নাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তারও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশউদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।