ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ জুন, ২০২৬ ১৩:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
ঢাকা: ভোমরা স্থলবন্দর ও বুড়িমারী স্থল বন্দরে পার্কিং ইয়ার্ড, শেড এবং ওয়্যারহাউজসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পূর্ত কাজের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্প দুটিতে ব্যয় হবে ৪৭৪ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৭৫ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়। এতে সভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, ভোমরা স্থল বন্দরের পার্কিং ইয়ার্ড, শেড এবং ওয়্যারহাউজসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পূর্ত কাজের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ১৮টি দরপত্র দাখিল হয়। এর মধ্যে ৭টি দরপত্র কারিগরি, আর্থিক ও সমন্বিত মূল্যায়নে রেসপনসিভ বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) টিআইএএনইএন এবং (২) ডিএনকো, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৩৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৬৯৪ টাকা।
প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পার্কিং সুবিধা, ট্রান্সশিপমেন্ট শেড, ওয়্যারহাউজ ও অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
সভা সূত্রে জানা যায়, বুড়িমারী স্থল বন্দরের পার্কিং ইয়ার্ড, শেড এবং ওয়্যারহাউজসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পূর্ত কাজের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ১৮টি দরপত্র দাখিল হয়। এর মধ্যে ৭টি দরপত্র কারিগরি, আর্থিক ও সমন্বিত মূল্যায়নে রেসপনসিভ বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) টিআইএএনইএন এবং (২) ডিএনকো, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৪১ কোটি ২৬ লাখ ২০ হাজার ৬৮১ টাকা।
প্যাকেজের আওতায় লালমনিরহাট জেলার বুড়িমারী স্থল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পার্কিং সুবিধা, ট্রান্সশিপমেন্ট শেড, ওয়্যারহাউজ ও অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।