ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ জুন, ২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুধু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বিএসএফ নয়, দুই দেশের সীমান্তবাসীদের মধ্যেও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বাংলাদেশি সীমান্তবাসীদের তীব্র প্রতিরোধের মুখে ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতীয় নাগরিকরা।
এদিকে সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের বেড়ার দুই পাশ থেকে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে অনবরত ইট-পাটকেল ছুড়ছেন।
এক পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের মারমুখী ধাওয়ার মুখে ভারতীয়রা পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয়।
স্থানীয় এক বাংলাদেশি নাগরিক বাবু বলেন, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে।
আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি। একজনকে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনো শূন্যরেখায় রয়েছে। দুই পাশের মানুষই কিছুটা উত্তেজিত হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।