ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ জুন, ২০২৬ ০৯:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
জুন মাসের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষকের বেতন দেওয়া হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন রংপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নুরুল আমীন।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুরুল আমীন এ তথ্য জানান।
এসময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য নুরুল আমীন বলেন, একটা অক্ষরের একটা শব্দ মা।
তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই।
আমারও মা নেই। সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন।
তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসে যদি এক-দুই তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয়, আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল আজ মাসের ১৬ তারিখ, মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখন পর্যন্ত তারা পাননি।
তিনি বলেন, আমার প্রশ্ন হলো, যদি আমরা বেতন দিই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে। আমার শেষ কথা আমার মা নেই, ওই লোকটার মা থাকবে না, কেউই থাকবে না। কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে, আমি আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের এই বেতন করার জন্য অনুরোধ করছি। সেইসঙ্গে ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের জন্য বিনীত অনুরোধ করছি।