ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞায় মোসলে উদ্দিন জনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর (মৌলভী বাড়ি) এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি ওই এলাকার মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘Jo NY’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জনিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, ‘প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অশোভন আচরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম দ্রুত অভিযুক্তকে আটক করায় দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম নোমানকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম নোমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে কয়েক ঘণ্টার মধ্যেই রাজাপুর ইউনিয়ন থেকে জনি নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’