ঢাকা, রবিবার, ০৫ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মসজিদের ইমামের বাহিনীর গণপিটুনিতে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ জুলাই, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


মসজিদের ইমামের বাহিনীর গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জুলাই) রাত ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।

ইন্নু মিয়া জানান, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন গঠন করেছেন।

এ সংগঠনের অন্তত ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছে। কাউছার তার এ বাহিনীর লোকজন দিয়ে এলাকার অনেক যুবককে ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছেন।

 

তিনি আরও জানান, শনিবার রাত ৮টার দিকে তার ছেলে সিজানকে বাসা থেকে কাউছারের নেতৃত্বে অন্তত ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবক ধরে নিয়ে যায়। পরে মাসদাইর মোড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়।

তার ডান পায়ে পাইপ দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে মসজিদের ইমাম কাউছার খুঁটি থেকে তার হাতের বাঁধন খুলে দিয়ে বলেন, ‘চিকিৎসা করো।’ পরে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মসজিদের ইমাম কাউছার বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ রয়েছে। তাকে বাসা থেকে আনা হয়েছিল বোঝানোর জন্য, যাতে সে খারাপ কাজ ছেড়ে দেয়। তখন কিছু উত্তেজিত লোকজন সিজানকে গণপিটুনি দেয়। যারা তাকে পিটিয়েছে, তারা আমার কেউ নয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।


   আরও সংবাদ