ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুবদলকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ জুলাই, ২০২৬ ১৫:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


যুবদলকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিভিন্ন ঘটনায় যুবদলকে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। দলীয় কর্মসূচিতে কোনো বাগবিতণ্ডা হয়নি।

সত্যতা যাচাই না করে সিন্ডিকেট করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

 

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে যুবদল।

 

তিনি জানান, পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

যুবদল সভাপতি বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

 

দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তিনি বলেন, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের শুধু বহিষ্কারই করা হয়নি, আইনের আওতায় আনতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া যুবদলের উদ্যোগে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে সেতু নির্মাণ ও খাল খননসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে মোনায়েম মুন্না বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জরুরি সভা, প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনেও সারাদেশে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক টিম নিবিড়ভাবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ।


   আরও সংবাদ