ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ অগাস্ট, ২০২৬ ১৪:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ও এনসিপির পদযাত্রায় সংঘাতসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে শনিবার (আগস্ট ০১) বৈঠকে বসছে ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন?
গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তার উত্তরসূরি কে হবেন, তা নিয়েই মূলত আজকের বৈঠকে বিশদ আলোচনা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তী রাষ্ট্রপ্রধান ইস্যুতে আজকের সভায় আলোচনা হলেও প্রার্থী চূড়ান্ত করার একক ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতেই ন্যস্ত করার সম্ভাবনা প্রবল।
তবে রাষ্ট্রপতি পদে একাধিক নাম জোর আলোচনায় রয়েছে।
এর মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম রয়েছে।
এ ছাড়া সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, একজন সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের নামও আলোচনায় আছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকেও এই পদে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।