ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জরুরি বৈঠকে বসছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির একাধিক শীর্ষ সূত্র জানিয়েছে, দলের নীতিনির্ধারকদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই বিচার-বিশ্লেষণ চলছে।
তবে বৃহস্পতিবারের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত করা হবে। প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পরপরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল করা হবে।
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট বিকেল ৪টা। একেবারে শেষ দিনেই নিজেদের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার সব প্রস্তুতি আগে থেকেই গুছিয়ে রেখেছে দলটি।
এদিকে, রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলটির হাইকমান্ডের বিবেচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত দলের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম প্রকাশ করা হয়নি।