ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৬ ১৮:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার
দেশের হাইস্কুল ও মাদরাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ শীর্ষক ওই অনুষ্ঠানে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
মন্ত্রী বলেন, হাইস্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে যাদের বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা করছি।
আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।
শিক্ষকদের অবসরভাতা দেওয়া শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের প্রস্তুতিও মোটামুটি সব ক্ষেত্রেই শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নেই। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠানপ্রধানের লিখিত পরীক্ষা শেষ করার পর যে মামলার মুখোমুখি হতে হয়েছিল, সেটিও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের জন্য ভাইভা নেওয়ার ব্যবস্থা করা হবে।
এর আগে অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, আমাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোতেও টিভিইটির ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরও বলেন, কিউএস র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও উন্নত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে।
এ সময় তিনি ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর ওপরও গুরুত্বারোপ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা সহজেই বাংলাদেশের ভিসা পেতে পারবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ।