স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারল্ডকে স্কোয়াড থেকে বাদ দিয়ে তার জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওয়েদারল্ড। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৩ ও শূন্য রান।
এর আগে অ্যাশেজ সিরিজের পাঁচ টেস্টেও খুব একটা ভালো করতে পারেননি তিনি। পাঁচ ম্যাচে ২২.৩৩ গড়ে করেছিলেন ২০১ রান।
সব মিলিয়ে তাঁর জায়গা হারানোটা তাই খুব একটা বিস্ময়কর নয়।
ওয়েদারল্ডের বদলি হিসেবে দলে ফেরা রেনশ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে ভারতের বিপক্ষে দিল্লিতে।
১৪ টেস্টের ক্যারিয়ারে তার সংগ্রহ ৬৪৫ রান, ব্যাটিং গড় ২৯.৩১। তার সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান, পাকিস্তানের বিপক্ষে।
তবে প্রথম টেস্টে ব্যর্থ হওয়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটারকে আপাতত বাদ দেওয়া হয়নি। ফলে দ্বিতীয় টেস্টে মার্নাস লাবুশেন ও বিউ ওয়েবস্টারের ওপরও থাকবে বাড়তি চাপ। লাবুশেন প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি। বাংলাদেশের বিপক্ষেও তাঁর ব্যাটে বড় ইনিংস আসেনি।
১৩ সদস্যের স্কোয়াডে অতিরিক্ত ব্যাটার হিসেবে থাকছেন জশ ইংলিস। ফলে রেনশকে সরাসরি একাদশে নেওয়া হবে, নাকি ব্যাটিং অর্ডারে অন্য কোনো পরিবর্তন আসবে, সেটিও দেখার বিষয়।
বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন খেলেছেন। দ্বিতীয় টেস্টে স্কট বোল্যান্ডকে একাদশে ঢোকানো হবে কি না, সেটিও এখন আলোচনায়। সে ক্ষেত্রে হ্যাজলউড কিংবা লায়নের কাউকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার। অন্যদিকে টাইগারদের সামনে সুযোগ এসেছে দুই ম্যাচের সিরিজে জয় দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি ইতিহাস গড়ার। ফলে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার এই পরিবর্তন কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।
দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।