ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আমরা পালন করবো। যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার তিন বছরে যে সমস্ত কাজ করেছেন এ দেশের জনগণের জন্য, আমার ধারণা বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হালিম ডোনার বলেন, আপনারা জানেন একটা নতুন সরকার আসার পরে দুই তিন মাস লাগে এটা সেটআপ করতে, তার মানে হাতে পেয়েছে মাত্র তিন মাস।
এ তিন মাসের মধ্যে কৃষকের ঋণ, ফ্যামিলি কার্ডসহ অন্য যত কর্মসূচি আছে, এসব কর্মসূচি সামনে আরও এগিয়ে নিয়ে নেব।
তিনি আরও বলেন, এখন সবদিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ উনি সঠিকভাবে দেশ পরিচালনায় কিছু সমস্যা আছে সেটা আপনারা জানেন, সেটা উনিও কাটানোর চেষ্টা করছেন।
বিশেষ করে বিদ্যুতে একটু সমস্যা আছে উনি গত পরশুদিন সেটা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, বিদ্যুতে সমস্যা হচ্ছে। আমার মনে হয় এ সমস্যা উনি শিগগিরই সমাধান করবেন।
ফরহাদ হালিম ডোনার বলেন, ১৯৮৬ সাল থেকে আমার ওনার সঙ্গে পরিচয়। আমি তখন থেকে খেয়াল করছি উনি তখন কোনো দলেও ছিলেন না। তারপরও উনি জনগণের জন্য তখন থেকে কাজ করে যাচ্ছেন এবং আজও কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দেব। চেষ্টা করবো ওনার যে কর্মসূচিগুলো আছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য।