স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২ বার
এশিয়া কাপের সেমিফাইনালের সমীকরণে টিকে থাকতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে অবশ্য আর্থিক শাস্তির মুখে পড়েছেন নিগার সুলতানা জ্যোতির দল।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে না পারায় বাংলাদেশকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দলের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দুবাইয়ে গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ চলাকালেই ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশকে দুটি ওভার পেনাল্টি দেওয়া হয়েছিল।
ফলে ইনিংসের শেষ দুই ওভারে নির্ধারিত সীমার চেয়ে একজন বেশি ফিল্ডার ৩০ গজের বৃত্তের ভেতরে রাখতে হয় বাংলাদেশকে।
ম্যাচ শেষে হিসাব-নিকাশে দেখা যায়, নির্ধারিত সময়ের তুলনায় বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
আম্পায়ারদের অভিযোগের পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি নিজের দলের ভুল স্বীকার করে নেওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।