ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫০ বার


৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে দলের জয়ের পথটা সহজ করে দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

তবে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে বোলিং জুটিকেই এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন খালেদ।

 

ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট শিকার করেন তিনি।

তার বোলিংয়ে প্রথম ইনিংসে ১৬১ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। পরে দ্বিতীয় ইনিংসে দলটি থামে ১৯২ রানে।

 

 

দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে খালেদ বলেন, ‘আমি খুবই খুশি। প্রথমত, আমি সবসময় সঠিক লাইন ও লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করি এবং নিজের প্রক্রিয়ায় ঠিক থাকি।

প্রথম স্পেলটি কিছুটা ধীর ছিল, তবে বিরতির পর বল কিছুটা ভালোভাবে ব্যাটে আসছিল। আমরা মূলত জুটি বেঁধে বোলিং করছিলাম, আর তাতেই উইকেটগুলো এসেছে।’

 

প্রথম ইনিংসে ফাইফার পাওয়ার পথে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল খালেদের। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

এ বিষয়ে খালেদ বলেন, ‘হ্যাঁ, বিষয়টি আমার খেয়ালই ছিল না। কেউ একজন আমাকে বলল যে আমি হ্যাটট্রিক মিস করেছি। অবশ্যই, আমি হ্যাটট্রিকটি চেয়েছিলাম, তবে সব মিলিয়ে আমি খুবই খুশি। সতীর্থরাও আমার প্রশংসা করেছে, তাই আমি আনন্দিত।’

কাউন্টিতে এর আগে কেন্টের হয়ে আলো ছড়িয়েছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে দেশে ফিরে এসেছেন তিনি। সতীর্থকে মিস করলেও তার কাছ থেকে পাওয়া শুভকামনার কথা জানিয়েছেন খালেদ।

তিনি বলেন, ‘হাসানকে মিস করছি, তবে সে আমাকে একটি ভিডিও পাঠিয়ে শুভকামনা জানিয়েছে।’


   আরও সংবাদ