ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রেকর্ডবুক ওলট-পালট করল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


 রেকর্ডবুক ওলট-পালট করল বার্সেলোনা

রেসিং সান্তান্দারকে ৭-২ গোলে উড়িয়ে লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে বড় এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমের দুর্দান্ত শুরুকে আরও উজ্জ্বল করার পাশাপাশি ইতিহাসের পাতায় নতুন রেকর্ডও লিখেছে হান্সি ফ্লিকের দল।

 

লা লিগায় ছয় ম্যাচে ছয় জয়ে বার্সার শুরুটা এখন পর্যন্ত শতভাগ সফল। চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্দের বিপক্ষেও জয় পেয়েছে তারা।

অর্থাৎ সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম সাত ম্যাচেই সাত জয়। এই সাত ম্যাচে বার্সেলোনা করেছে ৩৩ গোল, যার ২৮টিই এসেছে লা লিগায়।

 

পরিসংখ্যানভিত্তিক নির্ভরযোগ্য অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম ছয় ম্যাচে শতভাগ জয় এবং অন্তত ২৮ গোল করার নজির আর কোনো দলের নেই।

এর আগে এই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি ছিল সেভিয়া।

১৯৪০-৪১ মৌসুমে কোচ পেপে ব্র্যান্ডের অধীনে প্রথম ছয় ম্যাচে ৩২ গোল করেছিল তারা। তবে ওই ছয় ম্যাচে সেভিয়ার জয় ছিল চারটি।

 

শুধু লা লিগাতেই নয়, সব প্রতিযোগিতা মিলিয়েও নতুন মাইলফলক স্পর্শ করেছে বার্সেলোনা। ফরাসি পরিসংখ্যানভিত্তিক সংবাদমাধ্যম ‘স্ট্যাটস দ্য ফুট’-এর তথ্য অনুযায়ী, মৌসুমের প্রথম সাতটি প্রতিযোগিতামূলক ম্যাচে ৩৩ গোল করেছে বার্সা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ক্লাবটির এমন শুরু আর দেখা যায়নি।

‘মিস্টারচিপ’ আরও বিরল একটি পরিসংখ্যান সামনে এনেছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কোনো মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জয়ের পাশাপাশি অন্তত ৩৩ গোল করার কীর্তি বার্সেলোনার ছিল না ১১১ বছর ধরে।

সর্বশেষ এমন শুরু এসেছিল ১৯১৫-১৬ মৌসুমে। কোচ জ্যাক গ্রিনওয়েলের অধীনে টানা সাত ম্যাচ জিতেছিল বার্সেলোনা এবং সেই সাত ম্যাচে করেছিল ৪৪ গোল।

চলতি মৌসুমের এই দুর্দান্ত শুরুর বড় কৃতিত্ব পাচ্ছেন কোচ হান্সি ফ্লিকও। বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১২৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৯৫টি জয় পেয়েছেন জার্মান এই কোচ। জয়ের হার ৭৭ শতাংশ।

‘স্ট্যাটস দ্য ফুট’-এর হিসাবে, একবিংশ শতাব্দীতে বার্সেলোনার কোচদের মধ্যে ফ্লিকের জয়ের হারই সর্বোচ্চ। তার পরেই রয়েছেন লুইস এনরিকে, যার জয়ের হার ৭৬ শতাংশ।

রেসিংয়ের বিপক্ষে ম্যাচে আরেকটি বিরল ঘটনাও ঘটেছে। লা লিগার এক ম্যাচে বার্সেলোনাকে তিনটি পেনাল্টি দেওয়া হয়েছে।

‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, ক্লাবটির ইতিহাসে এর আগে মাত্র তিনবার একই ম্যাচে তিনটি পেনাল্টি পেয়েছিল বার্সা। তিনবারই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিজেদের মাঠে; ১৯৪৪ সালে সাবাদেলের বিপক্ষে, ১৯৯৪ সালে ওসাসুনার বিপক্ষে এবং ২০১৬ সালে স্পোর্টিং গিজনের বিপক্ষে।


   আরও সংবাদ