ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার
প্রথম ও দ্বিতীয় সপ্তাহের দারুণ সাড়ার পর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শুক্রবারও (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই জমে উঠেছে ‘সুপার সেল কার বাজারের’ আসর। গাড়ি কেনা-বেচার এই আয়োজনে নিজের পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা।
আবার নিজের ব্যবহৃত গাড়িও উপযুক্ত দামে বিক্রি করা যাচ্ছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি-কেনা বেচার আসর এখন থেকে নিয়মিতই বসছে প্রতি শুক্রবার।
‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিনেই অনেকেরই নজর কেড়েছে। অনেক ক্রেতাই মনে করছে, বহুবিধ ব্যস্ততার এই শহরে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিজনক।
নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকছে এই কার বাজারে।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও আছে।