ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শেষ ম্যাচে মেসির গায়ে বিশেষ জার্সি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


শেষ ম্যাচে মেসির গায়ে বিশেষ জার্সি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বিদায়ের সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য তৈরি করা হয়েছে বিশেষ নকশার জার্সি।

আকাশি-সাদা ঐতিহ্যবাহী রঙের সঙ্গে সোনালি কারুকাজে সাজানো এই জার্সিতে থাকছে মেসির ব্যক্তিগত প্রতীকসহ বেশ কিছু স্মারকচিহ্ন।

 

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ফুটবলে এটাই হতে যাচ্ছে শেষ ম্যাচ। আগস্টের শেষ দিকে জাতীয় দল থেকে অবসরের আবেগঘন সিদ্ধান্ত জানান ইন্টার মায়ামির এই তারকা।

 

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই ম্যাচটির ৮৫ হাজার টিকিট শেষ হয়ে গেছে।

প্রিয় অধিনায়ককে ঘরের মাঠে বিদায় জানাতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন সমর্থকরা।

 

মেসির শেষ ম্যাচের বিশেষ জার্সিটির নকশা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আভাস দিয়েছিলেন তিনি নিজেই। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে জার্সিটি তুলে রাখার দৃশ্যের সঙ্গে লিখেছিলেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’

এরপর জার্সিটির বিস্তারিত নকশা প্রকাশ করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে তৈরি জার্সিটিতে থাকছে আকাশি ও সাদা রঙের ঐতিহ্যবাহী ডোরা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে সোনালি রঙের বিশেষ নকশা, যা জার্সিটিকে দিয়েছে আলাদা মাত্রা।

জার্সির সামনে ও পেছনে থাকবে আর্জেন্টিনার পতাকার প্রতীকী সূর্য ‘সান অব মে’। ১৮০০ শতকের শুরুর দিকে আর্জেন্টিনার মুদ্রায় প্রথম ব্যবহৃত এই সূর্য প্রতীক দেশটির জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। জার্সির বুকে অ্যাডিডাসের লোগোর জায়গায় রাখা হয়েছে মেসির ব্যক্তিগত ‘এম’ প্রতীক।

এছাড়া জার্সির পেছনে সোনালি রঙে লেখা থাকবে মেসির নাম ও ১০ নম্বর। ঘাড়ের পেছনে সূর্যের আকৃতির বিশেষ নকশার মধ্যে থাকবে তার নাম ও বিখ্যাত ১০ নম্বর, যার চারপাশে রয়েছে লরেল পাতার অলংকরণ। বিদায়ী ম্যাচে এই জার্সির সঙ্গে সাদা ও সোনালি রঙের বিশেষভাবে তৈরি বুটও পরবেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ ২১ বছরের সেই অধ্যায়ে এসেছে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ শিরোপা। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে টানা তিন বছরে বড় এই তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতে পূর্ণতা পায় তার দীর্ঘদিনের অপেক্ষা।

বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম ও শেষ আন্তর্জাতিক উপস্থিতি। বর্তমানে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১২৫। শেষ ম্যাচে সেই সংখ্যাকে আরও বাড়ানোর সুযোগ থাকছে তার সামনে।

তবে গোল হোক কিংবা না হোক, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক অধ্যায়ের সমাপ্তি ঘটবে ৬ অক্টোবর। সেই বিদায়কে আরও বিশেষ করে তুলবে মেসির জন্য তৈরি করা সোনালি নকশার জার্সি।


   আরও সংবাদ