ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হার এড়িয়েও র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


হার এড়িয়েও র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে গেল ব্রাজিল

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেই র‌্যাংকিংয়ে ধাক্কা খেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়ালেও ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তাদের জায়গা দখল করে পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো।

 

শুক্রবার অস্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।

ম্যাচের আগে ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে ছিল কার্লো আনচেলত্তির দল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পাওয়ায় এক ধাপ পিছিয়ে গেছে তারা।

অন্যদিকে, ব্রাজিলের জায়গায় উঠে এসেছে মরক্কো।

 

র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের সুযোগ অবশ্য এখনো রয়েছে ব্রাজিলের সামনে।

আগামী ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষেই দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। সেই ম্যাচে জয় পেলে র‌্যাংকিংয়ে ফের উন্নতির সুযোগ তৈরি হবে তাদের সামনে।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে দুই দল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে এস্তেভাওয়ের গোলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল ব্রাজিলের। কিন্তু ভিএআরের পর্যালোচনায় গোলটি বাতিল হয়ে যায়। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বলের দখলে এগিয়ে থেকেও অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল। প্রায় ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। উল্টো ৬৮তম মিনিটে নেস্তোরি ইরানকুন্দার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

গোল হজমের পর আক্রমণের গতি আরও বাড়ায় ব্রাজিল। আনচেলত্তি একাধিক পরিবর্তন এনে আক্রমণভাগে নতুন শক্তি যোগ করেন। ব্রুনো গিমারেসের বদলে ডগলাস লুইজ এবং পরে ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিকের পরিবর্তে স্যামুয়েল লিনো ও পেদ্রোকে মাঠে নামানো হয়।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে রায়ানের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াতে পারলেও র‌্যাংকিংয়ের ক্ষতি ঠেকাতে পারেনি তারা।

ফলে বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই শীর্ষ পাঁচ থেকে ছিটকে গেল ব্রাজিল। এখন ২৯ সেপ্টেম্বরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে মাঠে জয় এবং ফিফা র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান দুই দিকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আনচেলত্তির দলের।


   আরও সংবাদ