স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
কাউন্টি ক্রিকেটে রোমাঞ্চকর এক মৌসুম শেষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে প্রত্যাবর্তন নিশ্চিত করেছে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব। গত মৌসুমে দ্বিতীয় বিভাগের একেবারে তলানিতে থাকা দলটি এবার ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
কেন্টের এই অভাবনীয় সাফল্যের পথপ্রদর্শক ছিলেন বাংলাদেশের দুই গতিদানব হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ক্যান্টারবারিতে মৌসুমের শেষ ম্যাচে গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে কোনো জটিল সমীকরণ ছাড়াই শীর্ষ বিভাগে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কেন্ট।
১৪ ম্যাচ শেষে ২১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করল তারা।
ম্যাচের শুরু থেকেই বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখে কেন্টের বোলাররা।
গ্লস্টারশায়ার প্রথম ইনিংসে ২২৯ রানে গুটিয়ে গেলে প্রথম ইনিংসে ৩ উইকেট নেন খালেদ। জবাবে বেন কম্পটনের চমৎকার শতকে ৩৫৩ রান তুলে ১২৪ রানের গুরুত্বপূর্ণ লিড সংগ্রহ করে কেন্ট।
দ্বিতীয় ইনিংসে গ্লস্টারশায়ারের প্রতিরোধ ২৪১ রানে থামিয়ে দেওয়ার পথে খালেদ আরও ২ উইকেট শিকার করেন।
এরপর ১১৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে জ্যাক ক্রাউলি (৪৪) ও স্যাম নর্থইস্টের (৪৯) ইনিংসে ভর করে সহজ জয় পায় কেন্ট।
মৌসুমজুড়েই বাংলাদেশি দুই পেসারের বোলিং ছিল কেন্টের মূল অস্ত্র। মৌসুমের মাঝামাঝি সময়ে কেন্টের হয়ে প্রথম যোগ দিয়ে পেস আগুনে প্রতিপক্ষদের তছনছ করে দেন হাসান। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দেশে ফেরেন তিনি। হাসানের রেখে যাওয়া দায়িত্ব এরপর কাঁধে তুলে নেন আরেক বাংলাদেশি পেসার খালেদ। মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েই ১৬টি উইকেট তুলে নিয়ে কেন্টের বিভাগ উন্নতির মিশন সফল করেন তিনি। দুই টাইগার পেসার মিলে চলতি কাউন্টি মৌসুমে কেন্টের জার্সিতে সর্বমোট ৪২টি উইকেট শিকার করে কাউন্টি ক্রিকেটে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন।