স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪২ বার
অবিশ্বাস্য এক ফ্রি-কিকে গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার সেই গোলও দলকে হার থেকে বাঁচাতে পারেনি।
মেজর লিগ সকারে রোববার কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি।
এই হারে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্ট ব্যবধান আরও বেড়েছে।
ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। ইয়ানিক ব্রাইটের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্তিনেজ।
এর পাঁচ মিনিট পরই মেসির মুহূর্ত। গোললাইন থেকে মাত্র সাত গজ দূরের প্রায় অসম্ভব কোণ থেকে নেওয়া ফ্রি-কিকে বল জালে পাঠান তিনি।
বাঁকানো শটটি গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে ক্রসবারের নিচে আছড়ে পড়ে জালে। সমতায় ফেরে মায়ামি।
বিরতির পরও গোলের জন্য চেষ্টা করেন মেসি। আরও দুবার লক্ষ্যে শট নিলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। পুরো ম্যাচে মায়ামি যেখানে মাত্র পাঁচটি শট নেয়, কলাম্বাসের শট ছিল ১৪টি।
শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয় কলাম্বাস। যোগ করা সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের শটে পরাস্ত হন মায়ামির গোলরক্ষক।
এর আগে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরালেস।
২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে মায়ামি।