ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফারহানকে নিয়ে দ্বন্দ্বের গুজবে ক্ষুব্ধ ডুলি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


ফারহানকে নিয়ে দ্বন্দ্বের গুজবে ক্ষুব্ধ ডুলি

টানা দুই হারে ফিফা আসিয়ান কাপ থেকে এরই মধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও বর্তমানে ফুটবল অঙ্গনে বেশি আলোচনা চলছে মাঠের বাইরের এক ইস্যু নিয়ে।

 

 

ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের সঙ্গে কোচ থমাস ডুলির দ্বন্দ্বের খবরে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। এমনকি কোচের ওপর ক্ষুব্ধ হয়ে ফারহান টিম হোটেল ছাড়তে চলেছেন বলেও গুঞ্জন ছড়ায়।

তবে এই খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ।

 

আজ সকালে টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমের এসব গুজবে চরম বিরক্তি প্রকাশ করেন ডুলি।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফারহান বা তার পরিবারের কারও সঙ্গে তার কোনো ধরনের কথা-কাটাকাটি বা ঝামেলা হয়নি। ডুলি বলেন, ‘আমার এবং ফারহানের মাঝে বিন্দুমাত্র কোনো বিরোধ নেই।

তার বাবার সঙ্গেও কোনো সমস্যা বা তর্ক হয়নি। বাইরে যেসব মনগড়া গল্প ছড়ানো হচ্ছে, তার পুরোটাই মিথ্যা।’

 

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া প্রথম ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল ফারহানের। কিন্তু প্রথমার্ধের পরই তাকে তুলে নেন কোচ। এরপর সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। মূলত এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

একাদশে সুযোগ না পাওয়ার কারণ হিসেবে ডুলি সরাসরি ‘পারফরম্যান্স’কেই সামনে এনেছেন। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘একজন কোচ যখন কোনো খেলোয়াড়কে বেঞ্চে বসান বা বদলি করেন, তার পেছনে সুনির্দিষ্ট কারণ থাকে। সেটা হতে পারে বিশ্রাম, ইনজুরি, কৌশলগত সিদ্ধান্ত অথবা পারফরম্যান্স। ফারহানকে হাফটাইমে তুলে নেওয়ার একটাই কারণ ছিল তার পারফরম্যান্স।’

দল পরিচালনা নিয়ে জনসম্মুখে জবাবদিহি করার কিছু নেই উল্লেখ করে কোচ আরও বলেন, ‘আমি দল ও ফেডারেশনের কাছে আমার যেকোনো সিদ্ধান্তের ব্যাপারে সবসময় খোলামেলা। আমার লুকানোর কিছু নেই, আমি একটা খোলা বইয়ের মতো।’

বাংলাদেশে আসার পর থেকে প্রতিনিয়ত এমন ভিত্তিহীন খবরে বেশ বিরক্ত থমাস ডুলি। সামাজিক মাধ্যমের এই নেতিবাচক চর্চা নিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে এখানে প্রতিদিনই নতুন নতুন গুজব তৈরি হয়। মানুষ অসন্তুষ্ট হলে বা স্রেফ হইচই ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় যা খুশি পোস্ট করে দেয়, যার বেশিরভাগেরই কোনো সত্যতা থাকে না।’

আসিয়ান কাপের শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ আগামী বৃহস্পতিবার নিয়ম রক্ষার শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে।


   আরও সংবাদ