স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬ ০৯:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
এই জয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
দলীয় ২১ রানেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। তানজিদ ৭, লিটন ২ ও ইমন করেন ১ রান।
এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করে ফিরলে আরও বিপাকে পড়ে বাংলাদেশ।
তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই করেন তাওহীদ হৃদয়। ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন করেন ১৬ বলে ১১ রান। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
অতিরিক্ত থেকে বাংলাদেশ পায় ১৯ রান, যার ১৫টিই আসে ওয়াইড থেকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১১ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল সুফিয়ান মুকিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আরাফাত মিনহাজ ৩ ওভারে ২টি উইকেট শিকার করেন।
১১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেয় বাংলাদেশ। দলীয় ৬ রানে সাহিবজাদা ফারহানকে ১ রানে ফেরান মাহেদী। ১৬ রানের মাথায় সাদাকাতকে ১৫ রানে আউট করেন নাসুম আহমেদ।
এরপর সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন। ওসমান খানও ৯ বলে ১৪ রান করে রিশাদ হোসেনের বলে আউট হলে ৫৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন, তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে আব্দুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।
১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলংকা ও ভারত ম্যাচের বিজয়ী দল।