ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সল্ট লেকে ভারতের জালে ব্রাজিলের এক হালি গোল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


সল্ট লেকে ভারতের জালে ব্রাজিলের এক হালি গোল

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ভারত ও ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো অঘটন ঘটাতে পারেনি স্বাগতিকরা।

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতকে ৪-০ গোলের ব্যবধানে অনায়াসেই উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধে এস্তেভাও ও পেদ্রোর গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সেলেসাওদের বড় জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা স্যামুয়েল লিনো।

 

নিজেদের ডেরায় ম্যাচের শুরুটা অবশ্য মন্দ করেনি ভারত। পরাক্রমশালী ব্রাজিলিয়ানদের আক্রমণের বিপরীতে প্রথম ২৭ মিনিট নিজেদের জাল অক্ষত রেখেছিল তারা।

কিন্তু ২৮তম মিনিটে গিয়ে আর শেষ রক্ষা হয়নি। চেলসির ফরোয়ার্ড এস্তেভাওয়ের দারুণ এক গোলে লিড পায় সেলেসাওরা।

ডান প্রান্ত ধরে বক্সে ঢোকার মুখে বাঁ পায়ে বুলেট গতির এক শট নেন তিনি। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বলের লাইনে ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও গতির কাছে পরাস্ত হন।

 

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডান দিক থেকে এস্তেভাওয়ের বাড়ানো বল ধরে ভারতীয় রক্ষণে চিড় ধরান পেদ্রো। দুরূহ কোণ থেকে তার নেওয়া দারুণ এক শট গুরপ্রীতকে বোকা বানিয়ে জালে জড়ায়।

২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেঞ্চের শক্তি পরখ করতে এক ধাক্কায় পাঁচটি পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। মাঠে নামানো হয় স্যামুয়েল লিনো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ভান্দেরসন এবং দগলাস লুইজকে।

আনচেলত্তির এই কৌশলগত পরিবর্তনের ফলও মেলে হাতেনাতে। ম্যাচের ৫৮ মিনিটে ভারতীয় রক্ষণের ভুলের চরম মূল্য চোকাতে হয় স্বাগতিকদের। বল ক্লিয়ার করতে গিয়ে গোলমাল পাকান ভারতের এক খেলোয়াড়। সেই সুযোগ লুফে নিয়ে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন বদলি ফরোয়ার্ড লিনো।

এরপর ইনজুরি টাইমের (৯০+৪ মিনিট) একদম শেষ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি ভারতের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই লিনো। বক্সের সামান্য ভেতর থেকে নিচু ও জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

এই দাপুটে জয়ের মধ্য দিয়েই এবারের ফিফা উইন্ডোর সফল সমাপ্তি টানল ব্রাজিল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দুটি প্রীতি ম্যাচেও অপরাজিত ছিল ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তিরা। সকারুজদের বিপক্ষে একটি ম্যাচে ৪-২ গোলের জয়ের বিপরীতে অন্যটিতে ১-১ গোলে ড্র করেছিল তারা।


   আরও সংবাদ