ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
র্যানকন লুব্রিকেন্টস লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬ দশমিক ৫ একর উন্নত জমি পেতে ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এই চুক্তি সম্পন্ন হয়।
ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রোচি এবং র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান চুক্তিতে স্বাক্ষর করেন।
র্যানকন লুব্রিকেন্টস ওই শিল্প ইউনিটে ১৯ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে, যার মাধ্যমে ২৫০ জনের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নাহিয়ান রহমান রোচি বলেন, তিনটি বিনিয়োগ প্রসার সংস্থার একীভূতকরণের পর এটি ইনভেস্ট বাংলাদেশের প্রথম ভূমি ইজারা চুক্তি। র্যানকন লুব্রিকেন্টসের মতো শীর্ষ বিনিয়োগকারীদের এই প্রতিশ্রুতি নতুন প্রতিষ্ঠানের প্রতি আস্থার প্রতিফলন এবং অন্যান্য বিনিয়োগকারীর আস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
ইজারার মেয়াদ দখল হস্তান্তরের তারিখ থেকে ৫০ বছর, যা ইনভেস্ট বাংলাদেশ নির্ধারিত শর্তে নবায়নযোগ্য। চুক্তি স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে।
জমি হস্তান্তরের ১২০ দিনের মধ্যে র্যানকন লুব্রিকেন্টস নির্মাণকাজ শুরু করবে এবং হস্তান্তরের ৩৬ মাসের মধ্যে ইউনিটটি উৎপাদনে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।